প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩, ২০২৬, ৩:২০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ণ
যশোরে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার,চারজন আটক

আহবান নিউজ :
যশোর শহরের চাঁচড়া দারোগার মোড় এলাকার একটি ভাড়া বাসা থেকে চুরি হওয়া একটি ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে চারজনকে আটক করা হয়েছে।আটকরা হলেন, শহরের শঙ্করপুর বাসটার্মিনাল এলাকার আব্দুস সাত্তারের ছেলে আব্দুল বাতেন, আব্দুর রহিমের ছেলে সজীব, মৃত মোশারফ উদ্দিনের ছেলে সোহাগ এবং সৈয়দ নুর ইসলামের ছেলে টিপু জামান। এর আগে এ ঘটনায় চাঁচড়া রায়পাড়া এলাকার বাসিন্দা আবু হানিফ কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ২৩ অক্টোবর রাত আনুমানিক ১১টার দিকে তিনি তার ডলফিন ব্র্যান্ডের ইজিবাইকটি বাসার ভেতরে চার্জে রেখে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন, ইজিবাইকটি চুরি হয়ে গেছে।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে চাঁচড়া পুলিশ ফাঁড়ি। একপর্যায়ে এসআই মিজবা উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে যশোর শহরের নিউমার্কেট উপশহর ক্লাব মোড় এলাকা থেকে চুরি হওয়া ইজিবাইকটি উদ্ধার করে। এ সময় ওই চারজনকে আটক করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫