প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৯:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২১, ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ণ
যশোর বাঘারপাড়ার বন্দবিলা সার্বজনীন দুর্গা মন্দিরে চুরি, ক্ষতি প্রায় ৬০ হাজার টাকা
আহবান নিউজ :
যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা গ্রামে একটি সার্বজনীন দুর্গা মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা মন্দিরের গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সিলিং ফ্যান, কম্পিউটারসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঘারপাড়া উপজেলার ২ নম্বর বন্দবিলা ইউনিয়নের বন্দবিলা উত্তরপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে শনিবার গভীর রাত থেকে রোববার ভোরের মধ্যে কোনো এক সময় অজ্ঞাতনামা চোর বা চোরের দল মন্দিরের গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা মন্দিরে থাকা দুটি সিলিং ফ্যান, একটি মনিটর, একটি পিসি, একটি সোলার ব্যাটারিসহ পূজার কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায়।
রোববার সকাল আনুমানিক ৬টার দিকে স্থানীয় বাসিন্দা সুজয় কুমার পাল মাঠে কাজে যাওয়ার সময় মন্দিরের গ্রিলের তালা ভাঙা দেখতে পান। পরে তিনি আশপাশের লোকজনকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে মন্দিরের ভেতরে চুরির বিষয়টি নিশ্চিত হন।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) মো. মুন্না বিশ্বাস এবং খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফিরোজ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫