
আহবান নিউজ :
যশোর শহরের আরএন রোডের রাঙ্গামাটি গ্যারেজের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জিল্লুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। বুধবার (১৭ জুন) রাত ৮টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
আহত জিল্লুর রহমান শহরের মোল্লাপাড়া এলাকার মৃত আব্দুল মাজেদ মোল্লার ছেলে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, জিল্লুর রহমান চৌরাস্তার একটি বুথ থেকে দুই লাখ টাকা উত্তোলন করে বাড়ি ফিরছিলেন। এ সময় রাঙ্গামাটি গ্যারেজের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা তিন যুবক তার পথরোধ করে। টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তারা তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসক ও স্বজনদের সূত্রে জানা গেছে, তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।