প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৯, ২০২৬, ২:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৭, ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ণ
শার্শায় অস্ত্র ব্যবসায়ীসহ আটক ২, উদ্ধার দুই বিদেশি পিস্তল

আহবান নিউজ :
যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে দুই বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও একটি মোবাইল ফোনসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (১৭ জুন) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শার্শা উপজেলার ৭ নম্বর কায়বা ইউনিয়নের রুদ্রপুর উত্তরপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি সূত্র জানায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুজন কুমার মণ্ডলের নেতৃত্বে এসআই কামরুজ্জামান, সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রুদ্রপুর উত্তরপাড়ার বাসিন্দা মফিজুল ইসলামের ছেলে রাসেল রানার (২৬) বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে রাসেল রানা তার শয়ন কক্ষের বালিশের নিচে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্র থাকার কথা স্বীকার করেন। তার দেখিয়ে দেওয়া মতে পুলিশ দুটি ৭.৬৫ বোরের বিদেশি পিস্তল ও চারটি ম্যাগজিন উদ্ধার করে।
ডিবি পুলিশ আরও জানায়, রাসেল রানার দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী জিয়াউর রহমান ওরফে হাফিজুরকে (৪০) বেনাপোলের পুটখালী এলাকা থেকে আটক করা হয়।
আটক রাসেল রানার বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটকরা হলেন শার্শার কায়বা ইউনিয়নের রুদ্রপুর উত্তরপাড়া গ্রামের রাসেল রানা (২৬) এবং বেনাপোল পোর্ট থানার পুর্টখালী পশ্চিমপাড়া এলাকার জিয়াউর রহমান ওরফে হাফিজুর (৪০)।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫