প্রিন্ট এর তারিখঃ জুন ১৭, ২০২৬, ৮:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৬, ২০২৬, ১০:১১ পূর্বাহ্ণ
যশোরে যুবককে চাকু ঠেকিয়ে আইফোন ছিনতাই, একজন আটক

আহবান নিউজ :
যশোরের পুলেরহাট এলাকায় মোবাইল কেনার কথা বলে ডেকে এনে এক যুবকের কাছ থেকে চাকু ঠেকিয়ে আইফোন ১৭ প্রো ছিনতাই ও ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তানভির রহমান তানসহ চারজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। এ ঘটনায় তাসনিম আহমেদ স্বপ্ন নামে একজনকে আটক করেছে পুলিশ।
মামলার বাদী মণিরামপুর উপজেলার শিক্ষার্থী আবিদুর রহমান মুন অভিযোগ করেন, ফেসবুকে মোবাইল বিক্রির বিজ্ঞাপন দেওয়ার পর স্বপ্ন তাকে পুলেরহাটে ডেকে নেয়। সেখানে অন্য আসামিদের নিয়ে তাকে মারধর করে আইফোন ছিনিয়ে নেওয়া হয় এবং ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
কোতোয়ালি থানার এসআই আল আমিন হোসেন জানান, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার পর মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে সদর উপজেলার বাগেরহাট গ্রাম থেকে স্বপ্নকে আটক করা হয়। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫