প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৯, ২০২৬, ৫:১০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৫, ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ণ
ভরণ-পোষণ না দেওয়ায় ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে আদালতে মামলা

আহবান নিউজ :
যশোরে বৃদ্ধা মাকে ভরণ-পোষণ না দেওয়া এবং মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী সদর উপজেলার গোয়ালদহ গ্রামের মৃত আদম আলীর স্ত্রী রোকেয়া বেগম (৭৪)। গতকাল তিনি যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। বিচারক সঞ্জয় পাল মামলার প্রাথমিক শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন।
মামলার আসামিরা হলেন রোকেয়া বেগমের ছেলে মনিরুজ্জামান সুমন এবং পুত্রবধূ সারজিনা খাতুন। তারা বর্তমানে সদর উপজেলার আরবপুর খোয়া রাস্তার পাশের একটি ভাড়া বাসায় বসবাস করছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, রোকেয়া বেগম তার পৈত্রিক সম্পত্তি ও স্বামীর ভিটাবাড়ি বিক্রি করে পাওয়া অর্থ ছেলেকে দেন। সেই অর্থে মনিরুজ্জামান সুমন ও তার স্ত্রী আরবপুর এলাকায় ইট, বালু ও খোয়ার ব্যবসা শুরু করেন। তবে পরে তারা রোকেয়া বেগম ও তার প্রতিবন্ধী মেয়েকে নিজেদের বাসায় আশ্রয় দিতে অস্বীকৃতি জানান এবং কোনো ধরনের ভরণ-পোষণও দেননি।
অভিযোগ অনুযায়ী, ভরণ-পোষণের দাবি করলে রোকেয়া বেগমকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়া হয়। বাধ্য হয়ে গত ৭ মে তিনি তার প্রতিবন্ধী মেয়েকে নিয়ে পিতার বাড়িতে আশ্রয় নেন।
মামলায় আরও উল্লেখ করা হয়েছে, গত ১০ জুন বিকেলে রোকেয়া বেগম ও তার মেয়ে পুনরায় আসামিদের বাসায় গেলে তাদের আবারও মারধর করে তাড়িয়ে দেওয়া হয়। পরে ১২ জুন স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার জন্য আসামিদের বাদীর পিতার বাড়িতে ডাকা হলেও তারা ভরণ-পোষণ দিতে অস্বীকৃতি জানিয়ে চলে যান।
এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হলে বিচারক অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫