প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৫, ২০২৬, ৯:৩১ পূর্বাহ্ণ
যশোরে গ্রাম পুলিশের নিরাপত্তা শঙ্কা থানায় অভিযোগ

আহবান নিউজ :
যশোর সদর উপজেলার ৫ নম্বর উপশহর ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশ জামিল খান পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার ঝুমঝুমপুর বিসিক শিল্পনগরী এলাকার উপশহর বি-ব্লকের ১৮৪ নম্বর বাসা নিয়ে দীর্ঘদিন ধরে শরিকদের মধ্যে বিরোধ চলে আসছে। ওই বাসায় কেউ না থাকার সুযোগে পূর্ব শত্রুতার জের ধরে বিরামপুর লিচুতলা এলাকার আবু হোসেনের ছেলে বিল্লাল, বি-ব্লকের জামাল চৌধুরীর ছেলে রনি চৌধুরী ও বুলবুল চৌধুরীসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে বিভিন্ন সময় ভয়ভীতি ও দখলচেষ্টার অভিযোগ করেন জামিল খান। এ ঘটনায় আদালতে মামলাও চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
লিখিত অভিযোগে তিনি জানান, গত বছরের ১৬ অক্টোবর রাত আনুমানিক ৯টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে ওই বাড়িতে প্রবেশ করে তিনটি তালা ভাঙচুর করে এবং জমিতে থাকা সাইনবোর্ড খুলে ফেলে। এ সময় ঘরে থাকা কিছু মালামালও লুটপাট করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
জামিল খান অভিযোগে আরও বলেন, অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশসহ বড় ধরনের ক্ষতির হুমকি দিয়ে আসছে। এতে তিনি ও তার পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
এ বিষয়ে কোতয়ালি থানা সূত্র জানায়, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫