আহবান নিউজ :
ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি বাস থেকে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে যশোর জেনারেল হাসপাতাল মোড়ে নামিয়ে রেখে চলে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা গাবতলী থেকে ছেড়ে আসা সাতক্ষীরা লাইনের একটি বাস যশোর জেনারেল হাসপাতাল মোড়ে থামে। এ সময় বাসের সুপারভাইজার ও হেলপার অচেতন অবস্থায় থাকা এক ব্যক্তিকে ধরাধরি করে নামিয়ে আল-মদিনা ফার্মেসির সামনে ফেলে রেখে দ্রুত চলে যায়।
পরে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে তার কাছে থাকা একটি পলিথিন ব্যাগ তল্লাশি করে বাসের টিকিট পান। টিকিটের তথ্য অনুযায়ী, ওই ব্যক্তি বৃহস্পতিবার বিকেলে ঢাকা গাবতলী থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে বাসে যাত্রা করেছিলেন।
ঘটনার খবর পেয়ে যশোর কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) বাবুল হোসেনকে ফোনে জানানো হয়। পরে পুরাতন কসবা ফাঁড়ির এএসআই তরিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অচেতন ব্যক্তিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল-এ ভর্তি করেন।