প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩০, ২০২৬, ১২:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৯, ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ণ
এসএসসি পরীক্ষায় মেয়েকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২

আহবান নিউজ :
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষায় নিজ মেয়েকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শাহানারা খাতুন ও এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার অপরজন হলেন প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণির কর্মচারী ফাতেমা খাতুন। শনিবার শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার দুপুরে উপজেলা প্রশাসনের উপস্থিতিতে তাদের আটক করা হয়। পরে রাতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধান শিক্ষক শাহানারা খাতুনের মেয়ে অহনা খাতুন ঝিকরগাছা উপজেলার কুলবাড়িয়া বিকেএস মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী হিসেবে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। তিনি বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ৩০১ নম্বর কক্ষে পরীক্ষা দিচ্ছিলেন।
অভিযোগ রয়েছে, গত ২৮ এপ্রিল ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা শেষে প্রধান শিক্ষক শাহানারা খাতুন গোপনে মেয়ের উত্তরপত্র সংগ্রহ করেন। পরে চতুর্থ শ্রেণির কর্মচারী ফাতেমা খাতুনের সহায়তায় উত্তরপত্রের ভুল সংশোধন করে পুনরায় জমা দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ এবং উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার একে এম নুরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় দুইজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার এ কে এম নুরুজ্জামান জানান,তদন্তে অনৈতিক সহযোগিতার প্রমাণ পাওয়ায় উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের স্বচ্ছতা ও পবিত্রতা রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না বলেও জানান তিনি।
শার্শা থানার ওসি মারুফ হোসেন বলেন, শুক্রবার রাতেই ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫