
আহবান নিউজ :
যশোরে প্রায় সাড়ে ছয় কোটি টাকা মূল্যের ২৬টি সোনার বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বিজিবি। এ সময় সোনা বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, পাঁচটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে বিজিবি যশোর ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করে। আটকরা হলেন শার্শা উপজেলার রাজনগর গ্রামের জহির উদ্দিনের ছেলে রনি (৩৬), চৌগাছা উপজেলার উত্তর কয়েরপাড়া গ্রামের ইসাহকের ছেলে আব্দুল গনি (৫৪) এবং সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের ইব্রাহিম সর্দারের ছেলে ইসরাইল (৪৬)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নীলগঞ্জ ব্রিজ এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির হেডরেস্টের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩ কেজি ৪৮ গ্রাম ওজনের ২৬টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার বর্তমান বাজার মূল্য ৬ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার ৪০ টাকা।
এ সময় ঢাকা মেট্রো গ-২২-৭৯৩০ নম্বরের প্রাইভেটকার, পাঁচটি মোবাইল ফোন সেট এবং নগদ ৭ হাজার ৩২৭ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা বিজিবিকে জানিয়েছেন, ঢাকার আব্দুল্লাহপুর ও উত্তরা এলাকার চোরাকারবারিদের কাছ থেকে সোনার বার সংগ্রহ করে চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
আটক তিনজনের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের যশোর কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।