আহবান নিউজ :
যশোর জেলা-এ আগামী ২১ এপ্রিল সকাল ১০টা থেকে একযোগে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬। জেলার ৮টি উপজেলায় মোট ৮২টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর যশোর জেলায় মোট ৩০ হাজার ৩৩২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ২২ হাজার ২১৭ জন, দাখিল পরীক্ষার্থী ৬ হাজার ৩৮৫ জন, এসএসসি (ভোকেশনাল) ১ হাজার ৭০৮ জন এবং দাখিল (ভোকেশনাল) পরীক্ষার্থী ২২ জন। পরীক্ষার জন্য নির্ধারিত কেন্দ্রের সংখ্যা যথাক্রমে ৫৩টি, ১৬টি, ১১টি ও ২টি। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। এছাড়া কেন্দ্রের আশপাশের ২০০ গজ এলাকায় পরীক্ষা চলাকালীন ১৪৪ ধারা জারি থাকবে। প্রশাসন আরও জানায়, পরীক্ষা কেন্দ্রের আশেপাশে অবৈধ অস্ত্র, লাঠি বা ধারালো বস্তু বহন, ফটোকপি মেশিন ব্যবহার এবং লাউডস্পিকার বা যেকোনো ধরনের শব্দযন্ত্র ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসন আশা প্রকাশ করেছে, কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে এবারও নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে। শহিদ জয় যশোর ১৯/৪/২৬