
আহবান নিউজ :
যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দিদের ক্যান্টিন ও হাসপাতালকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম ও অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ক্যান্টিনে বন্দিদের জন্য নিত্যপ্রয়োজনীয় খাবার সামগ্রী কয়েকগুণ বেশি দামে বিক্রি করা হচ্ছে। সম্প্রতি ৪টি টমেটো ও গাজর ৪০ টাকা করে, ছোট কলা ১০ টাকা, সিঙ্গাড়া ২০ টাকায় বিক্রির তথ্য জানিয়েছেন মুক্তিপ্রাপ্ত এক বন্দি।
সূত্রমতে, বন্দিদের পিসি (পার্সোনাল কার্ড) ব্যবস্থার মাধ্যমে প্রতিমাসে ক্যান্টিনে ১২–১৫ লাখ টাকা পর্যন্ত বেচাকেনা হয়, যা থেকে বড় অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর আর্থিক চাপ বাড়ছে। পিসিতে টাকা না দিলে বন্দিদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে।
অভিযোগে আরও বলা হয়, সরকারিভাবে বরাদ্দকৃত খাবারের মান অত্যন্ত নিম্নমানের হওয়ায় অনেক বন্দি তা না খেয়ে ক্যান্টিনের ওপর নির্ভর করছেন। ফলে সরকারি খাবারের একটি বড় অংশ অন্যভাবে বিক্রি হয়ে যাচ্ছে।
হাসপাতাল নিয়েও অভিযোগ রয়েছে—ভর্তি হতে এককালীন ১০ হাজার টাকা ও মাসিক ৪ হাজার টাকা দিতে হয়, অথচ সরকারি ওষুধ নিয়মিত মেলে না। গুরুতর অবস্থায় গেলে তবেই বন্দিকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে জেলারের বক্তব্য জানতে ফোন করা হলে তিনি সাড়া দেননি। বন্দিদের স্বজনরা বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।