
আহবান প্রতিবেদক :
যশোরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে যুবককে মারধর, ছিনিয়ে নেওয়া হলো ২২ হাজার টাকা
যশোরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মোমিনুর রহমান মোহন (৩৩) নামে এক যুবককে লোহার রড ও চেন দিয়ে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) বিকেলে শহরের পালবাড়ি গাজির ঘাট আয়েশা পল্লীতে এ ঘটনা ঘটে।
আহত মোমিনুর রহমান মোহন মৃত শাজাহান মোল্লার ছেলে। তিনি পালবাড়ি গাজির ঘাট আয়েশা পল্লীর স্থায়ী বাসিন্দা। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কামুক্ত।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে একই এলাকার হৃদয় (২২), হাসান (৪৫) এবং আরও ৫/৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি মোহনকে রিকুর দোকানের সামনে আটকে লোহার রড ও চেন দিয়ে বেধড়ক মারধর করে। পরে তার সঙ্গে থাকা ২২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার পরপরই স্থানীয়রা মোহনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় আহত মোহনের পরিবারের সদস্যরা জানান, হামলাকারীরা পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
যশোর কোতোয়ালি থানার ডিউটি অফিসার বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”