আহ্বান প্রতিবেদন :
যশোরে যৌতুক দাবির অভিযোগে স্বামী অমিয় কুমার ঘোষ তার স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে মামলা করেছেন। বুধবার (৮ অক্টোবর) যশোর সদরের খোজারহাট গ্রামের বিমল কুমার ঘোষের ছেলে অমিয় কুমার ঘোষ এই মামলা দায়ের করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তুনু কুমার মণ্ডল মামলাটি গ্রহণ করে আসামিদের প্রতি সমন জারি করেছেন। বাদীর আইনজীবী নব কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামিরা হলো সাতক্ষীরা তালা উপজেলার সরুটিয়া গ্রামের কৃষ্ণপদ ঘোষের মেয়ে পামেলী ঘোষ এবং স্ত্রী শিখা রাণী ষোঘ। অভিযোগে বলা হয়, চলতি বছরের ১৮ এপ্রিল অমিয় ঘোষ পারিবারিকভাবে পামেলীকে বিয়ে করেন এবং বিয়ের সময় ৫ লাখ টাকার গহনা দেন। কিছুদিন যেতে না যেতেই শাশুড়ির প্ররোচনায় পামেলী তার স্বামীর কাছে অতিরিক্ত অর্থ দাবি করতে শুরু করেন। এক পর্যায়ে ১০ লাখ টাকা বা দুই কাঠা জমি কিনে দলিল করার চাপ দেয়। স্বামী রাজি না হওয়ায় পামেলী ক্ষিপ্ত হয়ে চলতি বছরের ৩ জুলাই শাশুড়ির সঙ্গে তার বাড়ি বেড়াতে আসে এবং কথাবার্তার একপর্যায়ে যৌতুক না দিলে সংসার না করার হুমকি দেন। এদিন পামেলী ও তার মা ঘরে থাকা নগদ ৫ লাখ টাকা এবং ৫ লাখ টাকার গহনা নিয়ে চলে যান। মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় অমিয় যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেন।