
আহবান নিউজ :
যশোরের বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা বাজারে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ট্রাকচালক ও তার হেলপারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ছুরিকাঘাতে উভয়েই আহত হন।
বুধবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে চাড়াভিটা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন ট্রাকচালক বাঘারপাড়া ছাতিয়ানতলা গ্রামের সৈয়দ আলী মোল্লার ছেলে নিরব (৩২), ও ট্রাকের হেলপার সাদত হোসেনের ছেলে মো. সজিব (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, পাওনা টাকা নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে দুজনের মধ্যে মারামারি শুরু হয়। সংঘর্ষ চলাকালে ছুরিকাঘাতে উভয়েই আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ট্রাকচালক নিরবের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে পাঠান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।