
আহবান নিউজ :
যশোর মণিরামপুরে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে বাবু সরকার (৩৫) নামে এক কৃষক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার খেদাপাড়া ইউনিয়নের কৃষ্ণবাটি গ্রামে এ ঘটনা ঘটে।
আহত বাবু সরকার কৃষ্ণবাটি গ্রামের মৃত অতুল সরকারের ছেলে। তিনি পেশায় কৃষক।
স্থানীয় সূত্রে জানা যায়,বাবু সরকারের সঙ্গে একই গ্রামের অশোক মল্লিক,কনক মল্লিক ও কল্যাণ মল্লিকের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকেলে বাবু সরকারের বাড়ির সামনে একটি মন্দিরে নামযজ্ঞ অনুষ্ঠান চলাকালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ রয়েছে,এসময় প্রতিপক্ষরা বাবু সরকারকে এলোপাতাড়ি মারধর করে এবং ধারালো দা দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। তার চিৎকারে স্বজন ও স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে মণিরামপুর থানা পুলিশ জানায়, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করা হয়নি।